মাগুরানিউজ.কমঃ
বড়দিনের আগে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গ্যারেথ বেল। ২৫ ডিসেম্বর পর্যন্ত বেলকে অপেক্ষা করতে হলো না। শনিবার রাতেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ।
শীর্ষে উঠতে রিয়াল মাদ্রিদ পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা।
শনিবার রাতে ৫-১ গোলে জয় পেয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। রায়ো ভায়েকানোকে হারিয়েছেন রোনালদো-বেনজেমারা।
এটি এই মৌসুমে রিয়াল মাদ্রিদের টানা অষ্টম জয়। রিয়ালের জয়ে একটি করে গোল করেন গ্যারেথ বেল, সার্জিও রামোস, টনি ক্রুস, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো। ভায়েকানোর হয়ে একমাত্র গোলটি পেয়েছেন আলবের্তো বুয়েনো।


