মাগুরানিউজ.কমঃ
ইন্টারনেটে ফ্রি কল, চ্যাট ও কনটেন্ট আদান-প্রদানের জনপ্রিয় দুটি অ্যাপস ‘ভাইবার’ ও ‘ট্যাঙ্গো’ বাংলাদেশে বন্ধ করে দিয়েছে সরকার। অনলাইন যোগাযোগের গুরুত্বপূর্ণ এই অ্যাপস দুটি কোনো পূর্বঘোষণা ছাড়াই রোববার সকাল থেকে অকার্যকর করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন দেশের প্রযুক্তিপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ পদক্ষেপের কঠোর সমালোচনা করা হচ্ছে।
জানা গেছে, নিরাপত্তার কারণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের চিঠি পাঠিয়ে এই দুই মেসেজ ও ভয়েস সার্ভিস বন্ধের নির্দেশ দেয়।
বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েও জানানো হয়েছে, ভাইবার ও ট্যাঙ্গো সার্ভিস ১৮ জানুয়ারি, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। পরে সোমবার দুপুর ১২টা পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়। সোমবার দুপুরের পর জনপ্রিয় এ দুটি সেবা আবার চালু করে দেওয়া হবে বলে জানা গেছে।
একটি সূত্র জানায়, দেশে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার জন্য ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করা হয়েছে।


