মাগুরানিউজ.কমঃ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘উন্মাদ পাগল কুলাঙ্গার ও চরিত্রহীন’ বলায় নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খানের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেনের আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামিম কবির চৌধুরী।
শুনানি শেষে আদালত মামলা খারিজ করে দেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ ডিসেম্বর মাগুরা সার্কিট হাউজে এক আলোচনা সভায় শাহজাহান খান তারেক রহমানকে ‘উন্মাদ কুলাঙ্গার চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য পরদিন দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। বাদী তা দেখে সংক্ষুব্ধ হয়ে মঙ্গলবার এ মামলা দায়ের করেন।
আসামির এ বক্তব্যে তারেক রহমানের ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে বাদী তার মামলার অভিযোগে উল্লেখ করেন।


