মাগুরানিউজ.কমঃ
সময়ের সঙ্গে তাল মিলিয়ে মহাত্মা গান্ধীর ভাবাদর্শ প্রচারে এবার আর্ট গ্যালারি, কাফেটেরিয়া ও সুসংহত উন্নয়ন কেন্দ্র গড়ছে ‘নবজীবন’৷ গান্ধীজির হাতেই জন্ম নিয়েছিল এই প্রকাশনা সংস্থা৷
একইসঙ্গে তরুণ প্রজন্মের কথা ভেবে তৈরি করা হচ্ছে নতুন পোর্টাল ‘Satya-Karma.in’ ৷
আগামী ২৯ জানুয়ারি ‘নবজীবন’ ভবনে এই পোর্টাল সহ আর্ট গ্যালারি, কাফেটেরিয়া ও সুসংহত উন্নয়ন কেন্দ্র উদ্বোধন করবেন গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল৷ বাপুজির চিন্তাধারার সঙ্গে তরুণ প্রজন্মের মেলবন্ধন ঘটাতে এভাবেই নতুন দিশা মেলে ধরতে চাইছে ‘নবজীবন’৷ ‘নবজীবনে’র ম্যানেজিং ট্রাস্টি বিবেক দেশাই বলেন, ‘শহরকেন্দ্রিক মধ্যবিত্ত শ্রেণি, বিশেষ করে যুব সমাজ গান্ধীজির ভাবাদর্শের সঙ্গে যুক্ত হতে দ্বিধা করে৷ তাই নয়া উদ্যমে এমন এক পরিবেশ তৈরি করার তাগিদ ছিল, যাতে সহজেই মহাত্মার মতাদর্শের সঙ্গে আবার নতুন করে সংযোগ গড়ে তুলতে পারে নয়া প্রজন্ম৷’
আর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে গান্ধীজির ব্যবহৃত প্রিন্টিং মেশিন৷ এই মেশিনেই ‘নবজীবন’ ম্যাগাজিন ছাপা শুরু করেছিলেন বাপুজি৷ সমস্ত পেশাদার অঙ্গনের কাছেই এই আর্ট গ্যালারিকে ব্যবহার করার আবেদন জানানো হবে৷ কবি, চিত্রশিল্পী, সঙ্গীত ও নৃত্যশিল্পী, নাট্যকর্মী, চিকিৎসক এবং আইনজীবী, এই ধরনের ব্যক্তিত্বরা যাতে এই আর্ট গ্যালারিকে কাজে লাগাতে পারেন ও সেইসূত্রে বাপুজির মতাদর্শকে অনুভব করতে পারেন সেই উদ্যোগই নেওয়া হচ্ছে৷


