মাগুরানিউজ.কমঃ
আগের সপ্তাহগুলোর মতোই বিএনপির নামে বিবৃতি পাঠিয়ে আবারও রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতালের বার্তা গণমাধ্যমে এসেছে।
শনিবার বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে পাঠানো এই বিবৃতিতে আগামী সোমবার সারাদেশে ২০ দলের গণমিছিলের কর্মসূচির কথাও জানানো হয়েছে।
সেই সঙ্গে বলা হয়েছে, লাগাতার অবরোধ কর্মসূচি চলবে এবং তার সঙ্গে হরতালের পাশাপাশি গণমিছিল হবে।
৫ জানুয়ারিতে লাগাতার অবরোধ ডাকার পর ফেব্রুয়ারির শুরু থেকে অজ্ঞাত স্থানে অবস্থানরত সালাহ উদ্দিন বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা দিচ্ছেন।
প্রতি সপ্তাহে শনিবার পাঠানো একটি বিবৃতিতে রোববার থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত হরতালের বার্তা দেওয়া হচ্ছে। মঙ্গলবার আরেকটি বিবৃতি আসছে, যাতে বৃহস্পতিবার পর্যন্ত হরতাল বাড়ানো হয়। শুক্র ও শনিবার হরতাল থাকে না।
খালেদা জিয়া ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধ ডাকার পরদিন গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর ‘গোপন স্থান’ থেকে বিবৃতি পাঠিয়ে দলীয় অবস্থান জানানোর পাশাপাশি মাঝেমধ্যে হরতাল ডাকছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত ৩১ জানুয়ারি তিনিও গ্রেপ্তার হলে যুগ্মমহাসচিব সালাহ উদ্দিনের নামে বিবৃতি আসছে।


