মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে সড়কপথে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল উন্মুক্ত করে দেবার লক্ষ্যে এক চুক্তির খসড়া আজ বাংলাদেশের মন্ত্রীসভায় অনুমোদিত হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক বিবিসি বাংলাকে বলেন, সরকার আশা করছে যে আগামি ১৫ই জুন ভূটানের থিম্পুতে চারটি দেশের যোগাযোগমন্ত্রীদের যে বৈঠক হবে, তাতেই এটি স্বাক্ষরিত হবে।
মি. সিদ্দিক বলেন, এই চুক্তি স্বাক্ষরিত হবার পর এই চারটি দেশের মধ্যে তিন ধরণের যানবাহন চলাচল করতে পারবে। এর মধ্যে আছে যাত্রীবাহী যানবাহন যেমন বাস ও প্রাইভেট কার, এবং পণ্যবাহী যান।
অর্থাৎ বাংলাদেশে থেকে কেউ একজন নিজস্ব গাড়ি নিয়েও ভারতের কোনো শহরে বেড়াতে যেতে পারবেন, অথবা ভারতের ওপর দিয়ে নেপালে বা ভুটানে যেতে পারবেন, বলেন মি. সিদ্দিক।
আশা করা হচ্ছে ২০১৬-র শুরুর দিকে এর বাস্তবায়ন হবে।বিবিসি অবলম্বনে।


