মাগুরানিউজ.কমঃ
১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তবে তার আগে ফ্যাঞ্চাইজি ভিত্তিক চারটি দলকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) চালু করার চিন্তা-ভাবনা শুরু করেছে বিসিবি। এপ্রিলের প্রথম সপ্তাহে তৃতীয় বিসিএলের আসর মাঠে গড়ানোর ব্যাপারে ভেতরে- ভেতরে সেভাবেই এগুচ্ছে আয়োজকরা।
এর আগে এই প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করেছিল। দল চারটি হচ্ছে: সাঊথ জোন, ইস্ট জোন, নর্থ জোন এবং সেন্ট্রাল জোন । আর দলগুলোর পৃষ্ঠপোষকতায় অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি হিসেবে ছিল প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন এবং বিসিবি। এবারও এই তিনটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি দলগুলোর পাশে থাকছে বলে বিসিবির সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।
এদিকে বিশ্বকাপ মিশন শেষ করে গত ২২ মার্চ দেশে ফিরেছে মাশরাফি বাহিনী। তবে খুব বেশি দিন বিশ্রামে থাকতে পারছেন না তারা। কারণ বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রস্তাব অনুযায়ী আগামী ২ এপ্রিল থেকেই শুরু হয়ে যাওয়ার কথা তৃতীয় বিসিএল। প্রথম শ্রেনীর ক্রিকেটের এই আসরে জাতীয় দলের খেলোয়াড়রা খেলবেন, এমন প্রতিশ্রুতি ফ্র্যাঞ্চাইজিদের আগেই দিয়েছে টুর্নামেন্ট কমিটি।
আর যদি কোনো কারণে বিসিএল পিছিয়ে যায় বা জাতীয় দলের খেলোয়াড়রা তাতে না খেলেন। তারপরও খুব বেশি দিন বিশ্রাম পাবেন না মুশফিক-মাশরাফিরা। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলতে নামতে হতে পারে ১৯ এপ্রিল।
বিশ্বকাপের খেলা দেখতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। ২৭ মার্চ রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। আগামী শনিবার টুর্নামেন্ট কমিটির একটি সভা রয়েছে। এই সভাতে ফ্যাঞ্চাইজি ভিত্তিক তৃতীয় বিসিএলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে বিসিবির ঘনিষ্ঠ সূত্রে থেকে জানা গেছে।


