মাগুরানিউজ.কমঃ
সারা দেশের ৪৭৮টি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা পদে নির্বাচনের জন্য ১০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার কমিশন এসব প্রতীকের চূড়ান্ত অনুমোদন দেয়।
প্রতীক ১০টি হলো- টেবিল, মোরগ, পেঁপে, বালতি, হরিণ, চাঁদ, ঢেঁকি, খরগোশ, বক এবং গিটার।
এর আগে তিন সিটি নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে গৃহস্থলীতে ব্যবহার যেমন- সিলপাটা, গ্লাস এবং মুলা এমন কিছু প্রতীক সংযোজন করেছিল ইসি।
এ নিয়ে মহিলা সদস্যরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিল। তারা অভিযোগ করেছিল, মহিলারা ঘর থেকে বের হয়ে সামাজিক উন্নয়নে এগিয়ে আসতে চাইলেও কমিশন তাদের গৃহস্থলীতে ব্যবহৃত হয় এমন প্রতীক দিয়ে আবার ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। সেজেন্য এবার উপজেলা নির্বাচনে সিটি নির্বাচনের ক্ষোভ বিবেচনা করে প্রতীকে কিছুটা পরিবর্তন এনেছে ইসি।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ৪৭৮টি উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। আগামী ৩০ এপ্রিলের পর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।


