মাগুরানিউজ.কমঃ
আসন্ন মাগুরা -১ (শ্রীপুর-মাগুরা) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ থেকে কাকে সমর্থন দেওয়া হবে তা নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। গত ৯ মার্চ মাগুরা -১ আসনের নির্বাচিত এমপি প্রফেসর ডা. সিরাজুল আকবর মারা গেলে আসনটি শূন্য হয়। নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা।
এদিকে উপ-নির্বাচনকে কেন্দ্র করে চলছে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা। বিশেষ করে ছাত্রলীগের সাবেক নেতারা নিয়মিত এলাকায় এসে জনগণের সঙ্গে দেখাসাক্ষাৎ ও তাদের পাশে থাকার চেষ্টা করছেন। অনেকেই ঘরে ঘরে গিয়ে গণসংযোগও চালাচ্ছেন।
এ সব বিবেচনায় আগামী উপ-নির্বাচনে দলের প্রার্থী হিসেবে তরুন মুখ দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তরুন এসব নেতাদেরই কাউকে প্রথমবারের মতো আসন্ন মাগুরা ১ আসনের উপ-নির্বাচনে দল থেকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন একাধিক কেন্দ্রীয় নেতা।
আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলাসহ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার পুরণে শেখ হাসিনা নিজেও সাবেক এসব ছাত্রলীগ নেতৃত্বের প্রতি আস্থা রাখতে চাইছেন বলে জানা গেছে।
এ কারণে এবার মাগুরা-১ নং আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায়ও তরুণ প্রজন্মের নেতাদের প্রাধান্য বেশি দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে একজন অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় দেখা যাচ্ছে শ্রীপুরের কৃতি সন্তান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার নন্দিত ছাত্রনেতা ও বতমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির অন্যতম সহ-সম্পাদক পঙ্কজ সাহাকে। পঙ্কজ সাহা দেশের একজন উদীয়মান উদোক্তা ও সফল ব্যবসায়ী। এর বাইরেও তিনি একজন সমাজ সেবক শিক্ষানুরাগী। বিভিন্ন সেবা মূলক সংগঠনের সাথেও তিনি জড়িত। শ্রীপুরে আওয়ামী লীগের রাজনীতিতেও সাহা পরিবারের বিশেষ অবদান রয়েছে। কিছুদিন আগেই পঙ্কজ সাহার বড় ভাই শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রতাপ সাহা দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন।
উপ-নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা শহরেরর বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে পঙ্কজ সাহার আবেদনময়ী রঙ্গীন পোস্টার। উক্ত পোস্টারের মাধ্যমে আগাম বার্তা দেয়া হচ্ছে আসন্ন মাগুরা-১ আসনের উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থীতার ঘোষণা। তিনি একটি সুন্দর সমৃদ্ধ ও আধুনিক মাগুরার স্বপ্ন দেখেন। এ ছাড়াও সামাজিক, অর্থনৈতিক ও নারীর অধিকার সমুন্নত রাখার অঙ্গীঁকার করছেন।
নির্বাচনে আগ্রহের বিষয়ে আপনার মতামত কি জানতে চাইলে পঙ্কজ সাহা মাগুরানিউজকে বলেন, আমার স্বপ্ন মাগুরার উন্নয়ন। মাগুরাবাসী আমাকে চাইলে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিলে আমি একটি সুন্দর সমৃদ্ধ মাগুরা উপহার দিতে সক্ষম হবো।
পঙ্কজ সাহা বলেন, সব সময় আমি মাগুরাকে পজিটিভ মাগুরা হিসেবে দেখতে চাই। যেখানে থাকবে না ক্ষুধা, দারিদ্রতাও বেকারত্ব। থাকবে না সন্ত্রাস। প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, লঙ্ঘিত হবেনা মানবাধিকার।
তিনি বলেন মাগুরাতে প্রচুর পরিমানে কর্মসংস্থানের পরিবেশ তৈরী করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ।
পঙ্কজ সাহা বলেন আমার বিশ্বাস সুযোগ পেলে আমি একটি সুন্দর আধুনিক মানসম্মত সমৃদ্ধ বেকারত্ব মুক্ত মাগুরা উপহার দিতে সক্ষম হবো। আমি চাই উচ্চ আয়ের পরিবেশ তৈরী হোক মাগুরাতে। আমি মাগুরা -১ (শ্রীপুর-মাগুরা) আসনের সকল ভোটারদের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত ১নং আসনের প্রায় অর্ধেক ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। ভোটের ক্ষেত্রে সব সময়ই তারা আঃলীগ প্রার্থীকেই সমর্থন দিয়ে থাকেন সেহেতু বিগত ৪টি সংসদ নির্বাচনে এই আসনে আঃলীগের প্রার্থী ডাঃ সিরাজুল আকবর জয়লাভ করেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন তারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন এবারের উপনির্বাচনে শ্রীপুর থেকেই যেনো কাউকে মনোনয়ন দেয়া হয় কারন মনোনয়নের ক্ষেত্রে বরাবরই শ্রীপুরকে বঞ্চিত করা হয়েছে।এবারের উপ-নির্বাচনে তাই শ্রীপুরবাসী শ্রীপুর থেকেই মনোনয়ন দেয়া হবে বলে আশা ব্যক্ত করেছেন।


