মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. এম এস আকবরের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার শোক প্রকাশ করেছেন।
সোমবার সন্ধ্যায় ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডা. এম এস আকবর ইন্তেকাল করেন।
এক শোক বিবৃতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ডা. এম এস আকবরের মৃত্যূতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ প্রবীণ নেতাকে হারালো।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, মাগুরাবাসী এ খ্যতিমান নেতার অবদান আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
তার দীর্ঘ কর্মময় জীবনে প্রফেসর ডা. এম এস আকবর ঢাকা শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, হায়দার আকতার বানু মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশনের সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
একজন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রথিতযশা এ চিকিৎসক রাজনীতিতেও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার পবিত্র ও ত্যাগী কর্মময় জীবন ও নেতৃত্ব রাজনীতি ও দেশসেবায় অনন্য উদাহরণ হয়ে থাকবে, বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, চারবার এমপি হবার পাশাপাশি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সম্প্রতি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ডাঃ এম এস আকবরের নির্বাচিত হওয়া তার প্রতি মানুষের অকুুন্ঠ ভালোবাসা ও শ্রদ্ধারই পরিচয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম অধ্যাপক ডা. মুহাম্মদ সিরাজুল আকবরের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।


