মাগুরানিউজ.কমঃ
চ্যানেল নাইনের আন্তর্জাতিক সম্প্রচার এবং ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের অন্তত ১০০টি দেশে সরাসরি দেখা যাবে বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্ট। খবর বাসসের
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাংবাদিকদের একথা জানিয়েছেন টুর্ণামেন্টের সম্প্রচার স্বত্ব লাভকারী বেসরকারী টেলিভিশন সম্প্রচার কেন্দ্র চ্যানেল নাইনের ব্যাবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান।
তিনি বলেন, টুর্ণামেন্টের খেলাগুলো আন্তর্জাতিক মান বজায় রেখে ধারণ ও সম্প্রচারের জন্য ভারত থেকে একটি প্রোডাকশন দল আসবে। তাদের জন্য সাড়ে তিন থেকে চার লাখ ডলার ব্যয় করতে হবে। একই সঙ্গে বাংলা ও ইংরেজি দু’টি ভাষায় ধারাভাষ্য দেয়া হবে।
ইতোমধ্যে আন্তর্জাতিক সম্প্রচারের জন্য চ্যানেল নাইন আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ফক্স টিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে উল্লেখ করে এনায়েতুর রহমান বলেন, ক্রীড়া সম্প্রচার কেন্দ্র হিসেবে তারা বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া সম্প্রচার কেন্দ্র। দুবাইয়ের সম্প্রচার কেন্দ্র ইত্তেসালাতের সঙ্গেও বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচারের বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে উল্লেখ করেন চ্যানেল নাইনের এই স্বত্ত্বাধিকারী।

