মাগুরানিউজ.কমঃ
স্বাধীনতা দিবসে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিহত করে উন্নত দেশ গড়ার শপথের মধ্য দিয়ে মাগুরাতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্টেডিয়ামে কুচকাওয়াজ, পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, আলোকচিত্র, তথ্যচিত্র প্রদর্শনী প্রভৃতি। এসব কর্মসূচিতে সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও সমকালীন এবং স্বাধীনতার ওপর বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়। এছাড়া কুচকাওয়াজে পুলিশ, আনসার, সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক মাহাবুবর রহমান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মাগুরা পৌর মেয়র ও বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর, মাগুরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু ও আ. লীগ নেতা আবু নাসের বাবলু প্রমুখ।


