মাগুরানিউজ.কমঃ
আজ দুটি স্মরণীয় জন্মদিন। দুজনই দুই সময়ের দারুণ জনপ্রিয় লেখক। দুজনই বাংলা গদ্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। একজন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচিত, অন্যজন সমকালীন বাংলা সাহিত্যে জননন্দিত।
একজন মধ্যবিত্ত জীবনের কথকতা সহজ-সরল গদ্যে তুলে ধরে পাঠককে মন্ত্রমুগ্ধ করে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন। একের পর এক উপন্যাসে পাঠকের কাছে নন্দিত হয়ে উঠেছেন অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে। আমৃত্যু সেই জনপ্রিয়তার স্রোতে ভেসেছিলেন অনুরাগী সমুদ্রে।
অন্যজন একাধারে উপন্যাস, গল্প, কবিতা, নাটক, প্রহসন, প্রবন্ধ রচনা করেছেন। কিন্তু একটি গ্রন্থ তাকে এতটা উচ্চতায় নিয়ে গেছে যে, আকাশের চাঁদের মতো তিনিও বাংলা সাহিত্যাকাশে চিরকাল দেদীপ্যমান।
একজনের জন্ম নেত্রকোনায় ১৯৪৮ সালে, অপরজনের জন্ম কুষ্টিয়ায় ১৮৪৭ সালে। প্রায় শত বছরের ব্যবধানে দুজন জনপ্রিয় কথাসাহিত্যিককে আমরা এইদিনে বাংলায় পেয়েছি। যাদের জন্মের কারণে বাংলা ধন্য হয়েছে।
হ্যাঁ হুমায়ূন আহমেদ ও মীর মশাররফ হোসেনের কথাই বলছি। এই দুটি নামই আমাদের জন্য গৌরবের ও গর্বের। বাংলা সাহিত্যকে মানুষের কাছে প্রিয় করে তুলতে দুজনের অবদানই অসামান্য।


