মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের নারায়নপুর গ্রামে চাঞ্চল্যকর পংকজ বসু হত্যাকাণ্ডের ১৫ দিন পার হলেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। পংকজ বসু খুনের পর অবিলম্বে আসামি গ্রেফতারের দাবি জানিয়ে উপজেলা ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জেলা ও উপজেলা প্রশাসন নৃশংস ওই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন এলাকাবাসীকে। কিন্তু টানা ১৫ দিন অতিবাহিত হলেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্য, সাংস্কৃতিক ও আওয়ামলীগ কর্মী পংকজ বসুর খুনিদের গ্রেফতারে পুলিশের দৌঁড়ঝাপ ঝিমিয়ে পড়েছে।
১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বিনোদপুর বাজার থেকে বাইসাইকেলযোগে নিজবাড়ি নারায়নপুর গ্রামে যাওয়ার পথে নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন উত্তর পার্শ্বের কালভার্ট অতিক্রমের পর আগে থেকে ওৎপেতে থাকা সংঘবদ্ধ দুস্কৃতকারিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মৃত: অনন্ত নারায়ন বসুর ছেলে পংকজ বসুকে এলোপাতাড়ি কুপিয়ে বীভৎস্য জখম করে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ৮টায় ঘটিকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত পৌনে ১০ টায় তিনি মারা যান।
নিজ গ্রামের পংকজ বসু ও তার চাচাত ভাই সচিন বসুর জমিজমা সংক্রান্ত তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশি সিরাজ মোল্যার ছেলে আক্কাচ আলী সঙ্গে বিরোধের জের ধরে পংকজ বসুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা এবং একই বর্ণনা দিয়ে হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর নিহতের বড় ভাই অশোক কুমার বসু বাদি হয়ে ১৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৬। ধারা ৩০২/৩৪ দ.বি.।
বিলম্বে মামলা দায়ের ও এলাকার বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পংকজ বসু হত্যাকাণ্ডের পেছনে নারী ঘটিত কোনো রহস্য লুকিয়ে থাকার বিষয়টিকে আমলে আনছে পুলিশ।
এদিকে, মামলার এজাহারভুক্ত ৩ নং আসামি উপজেলার নারায়নপুর গ্রামের সিরাজ মোল্যার ছেলে আক্কাচ আলীর ৩ দিনের রিমান্ড শেষ হয়েছে গত মঙ্গলবার।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, ৩ দিনের রিমান্ডে এনে আক্কাচ আলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার দেয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তিনি জানান, প্রয়োজনে আক্কাচকে আবারো রিমান্ডে আনা হবে।

