মাগুরা জুড়ে একটাই ধ্বনী সাকিব.. সাকিব..সবখানেই আলোচনায় শুধুই সাকিব আর সাকিব। এক টেস্ট হাতে রেখেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সিরিজ জয় করেছে।আনন্দিত মাগুরাবাসী,বাংলাদেশ দল ও সাকিবের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মাগুরাবাসী।
একই টেষ্টে সেঞ্চুরি ও ১০টি উইকেট লাভ করে ইতিহাসের তৃতীয় এবং প্রথম স্পিনার হিসেবে রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বাঘের শহরে বাঘের গর্জনে কুপোকাত জিম্বাবুয়ানরা। ৩১৪ রান তাড়া করতে নেমে ১৫১ রানেই শেষ জিম্বাবুয়ের ইনিংস। জয় বাংলাদেশের। ১৬২ রানে জয় টাইগারদের।
জয়ের নায়ক আর কেউ নন, মাগুরার সাকিব আল হাসান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন। ক্যারিয়ারের ১৪তম বারের মতো পাঁচ বা তার বেশি উইকেট পেলেন সাকিব। এই সঙ্গে অনন্য এক রেকর্ড গড়লেন তিনি। ক্রিকেট ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে এক টেস্টে শতকের পাশাপাশি ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন সাকিব। এর আগে ১৯৮০ সালে ইংল্যান্ডের ইয়ান বোথাম এবং ১৯৮৩ সালে পাকিস্তানের ইমরান খান এ রেকর্ড গড়েছিলেন।
বাংলাদেশ দল ও সাকিবের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান শ্রী বীরেন শিকদার এমপি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি জাতীয় ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত রেখে পরবর্তী ম্যাচগুলোতেও ভাল ফল অর্জন করে বাংলাদেশে সুনাম বয়ে আনার জন্য ক্রিকেট দলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


