মাগুরানিউজ.কমঃ
২৫ জানুয়ারি সস্ত্রীক দিল্লিতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই নিয়ে ঘুম হারাম হয়ে গেছে দিল্লি সরকারের। এই নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত খোদ ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্টকে ভারতের গণতন্ত্র দিবসে বিশেষ অতিথি করার ভাবনা তারই মস্তিষ্ক প্রসূত।
২৫ জানুয়ারি ওবামা আসছেন এটাই এখন ভারতের বড় খবর। গত অক্টোবরে এই ‘বড় খবরটি’ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীই। জানিয়েছিলেন, এবার গণতন্ত্র দিবসের বিশেষ অতিথির নাম বারাক ওবামা।
আমেরিকায় ওবামার অফিসের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হয়, ভারতে গণতন্ত্র দিবসের গুরুত্ব বোঝানো হয়। ভিন দেশের রাষ্ট্রপ্রধানকে দেশের স্বাধীনতা দিবস অথবা গণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো এমনিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখা হয়। তারপরও ভাবতে কিছুটা সময় নিয়েছিল আমেরিকা। শেষ পর্যন্ত সম্মতি দেয়। হ্যাঁ ওবামা আসছেন।
আর তাই মার্কিন প্রেসিডেন্টের এই ভারত সফর নিয়ে যুদ্ধকালীন প্রস্তুতি চলছে রাজধানী দিল্লিতে। ওবামা থাকাকালীন কড়া নজরদারির জন্য শহর জুড়ে ১৫ হাজার সিসি টিভি বসিয়ে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে ভর্ৎসিত হয়েছে কেন্দ্র। তবু ‘সাবধানের মার নেই’ এই মনোভাব নিয়েই এগোচ্ছে মোদি সরকার। গণতন্ত্র দিবসে অতন্দ্র প্রহরায় থাকবেন বিশাল আধা সামরিক বাহিনী ও দিল্লি পুলিসের সদস্যরা। আকাশপথে নজরদারি হবে বিশেষ রাডারে।
এ ছাড়া ২৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট দিল্লিতে পা রাখতেই তার সুরক্ষার খাতে চালু হয়ে যাবে একটি মাল্টি এজেন্সি কন্ট্রোল রুম। শুধু দিল্লি নয়, জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক সীমানায় বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত সংখ্যক বিএসএফ জওয়ানদের পাঠানো হয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।
গণতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষে ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ সেরে পরের দিন সস্ত্রীক যাবেন আগ্রায়। সেখানেও জোরদার নিরাপত্তার বন্দোবস্ত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্টের জন্য মোতায়েন থাকবেন ১০০ মার্কিন নিরাপত্তা কর্মী। আগ্রায় ওবামার নিরাপত্তার দায়িত্বে নিরাপত্তা বাহিনীর ৪ হাজার সদস্যের উপস্থিতির খবর জানার পরও এই ব্যবস্থা।
ওভাল অফিসের নির্দেশে ২৭ জানুয়ারি বন্ধ রাখা হবে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়ে জুড়ে থাকা ছোট-বড় সব দোকান। দিল্লির সরকারের তরফে মার্কিন প্রেসিডেন্টের নিশ্ছিদ্র নিরাপত্তায় সব রকমের আয়োজনই সম্পন্নপ্রায়। অন্যদিকে মহামান্য অতিথিকে কী উপহার দেওয়া যায়, তাও চূড়ান্তপ্রায়। ফার্ষ্ট লেডি মিশেল ওবামাকে ১০০ সিল্ক শাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত জানা গেছে ইতিমধ্যেই।
প্রেমের সৌধ তাজমহল দেখে সম্ভবত আর দিল্লি ফিরবেন না ওবামা। এয়ার ফোর্স ওয়ানে চড়ে সোজা পাড়ি দেবেন ওয়াশিংটন।
তথ্যসূত্র : পিটিআই, আজকাল


