মাগুরানিউজ.কমঃ
ভয়াল ২৯ এপ্রিল আজ। ১৯৯১ সালের এইদিনে ‘ম্যারি এন’ নামে ভয়াবহ এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল বাংলাদেশের উপকূলে। কক্সবাজারের উপকূলীয় এলাকার মানুষ ২৪ বছরেও ভুলতে পারেনি দুঃসহ সেই স্মৃতি।
সেদিন ‘ম্যারি এন’ নামক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। উপকূলের প্রায় ২০ লাখ মানুষকে সরিয়ে আনা হয়েছিল। কিন্তু তারপরও ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ এবং ৭০ হাজার গবাদিপশুও মারা যায়। এছাড়াও গৃহহারা হয়েছিল ৫০ লাখ মানুষ।
কক্সবাজার শহরের সমিতি পাড়া, ফদনার ডেইল, কুতুবদিয়া পাড়ায় ১৯৯১ সালের ২৯ এপ্রিল স্বজন হারানো এসব হতভাগ্য প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন।
১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ২৪ বছর পেরিয়ে গেলো। এ ২৪ বছর ধরে প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে আছেন স্বজন হারানো উদ্বাস্তু মানুষগুলো। একদিকে স্বজন হারানোর ব্যাথা, অপরদিকে গৃহহীন জীবন যেন তাদের তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত। ২৪ বছরেও জোটেনি স্থায়ী বসত বাড়ি। আর যেখানে বসত করেন সেখানেই উচ্ছেদ আতঙ্কের মধ্যে জীবিকার সংগ্রামে রয়েছেন তারা।


