মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
চারদিকে বহিছে আনন্দধারা, বসেছে মাগুরাবাসীর মিলনমেলা। ঢাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী মাগুরাবাসির আগ্রহের কেন্দ্রবিন্দুতে মিরপুর-২ এ অবস্থিত ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন। এই বিদ্যালয় প্রাঙ্গনেই প্রথমবারের মতো ঢাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী মাগুরাবাসির সম্মিলিত প্রয়াস ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা’র উদ্যোগে সুবিশাল আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনকে ঘিরে দৃষ্টিকাড়া প্রাণচাঞ্চল্য লক্ষ করা গেছে। বাগদেবীর আরাধনায় সকাল থেকেই ভক্তদের সমাগমে পূজা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে। দিনব্যাপী চলে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরন এবং হাতে খড়ির মাঙ্গলিক অনুষ্ঠান। বিকালে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের নিয়ে এক প্রাঞ্জল সাংস্কৃতিক আয়োজন। সবশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, বাগদেবীর চরনে প্রার্থনা জানিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজক সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র প্রথমবারের মতো শুরু হওয়া মাগুরাবাসির এই পূজা আগামীতে আরো বৃহৎ আকারে আয়োজনের প্রত্যাশা জানিয়ে সফল আয়োজনে সহযোগীতার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।



