মাগুরানিউজ.কম:
‘টেকসই বর্জ্য ব্যবস্থাপনা: পরিচ্ছন্ন ও সবুজ মাগুরা’ এই প্রতিপাদ্যে বুধবার সকালে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্মরত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশন এর কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার হাসিন জাহান, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম হীরকসহ অন্যরা।
সেমিনারে বক্তারা মাগুরা পৌরসভাসহ জেলাকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় এনে একটি সবুজ জেলা গড়ে তোলার আহবান জানান। একই সঙ্গে বিভিন্ন স্কুল কলেজে বজ্য ব্যবস্থাপনা ও জনগণের সচেতনতা বাড়াতে সভা সমাবেশ ও প্রচারনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রাথমিকভাবে শহরের ভায়না মোড় থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত রাস্তায় ময়লা আবর্জনা ফেলার জন্য বিভিন্ন রং এর বাস্কেট স্থাপন ও সৌন্দর্য বর্ধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


