মাগুরানিউজ.কমঃ
মাগুরায় চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলার আসামি এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার সাবুর আলীকে (২৪) মাগুরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
সাবুর আলী শ্রীফলতলা গ্রামের মজনু মোল্লার ছেলে। তাকে সোমবার রাতে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২অক্টোবর দুপুরে মেয়েটি বাড়িতে একা ছিল। ওই সুযোগে হাত ও মুখ বেঁধে প্রতিবেশী সাবুর আলী মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটির মা বাড়ি গিয়ে মেয়েকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
পরদিন শিশুটির মা সাবুরসহ তিনজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে সাবুর পলাতক ছিল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল। সাবুর পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান তিনি।


