মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কের ফুটপাতে সিটি গোল্ডের গহনার দোকান নিতেশের। বিক্রি করছেন, আবার ক্ষণে ক্ষণে আকাশ পানে চেয়ে মেঘের গতিবিধি লক্ষ্য করছেন। সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। হিসেব আজ আর আগামীকালেই।
গহনা বলতে সিটি গোল্ডের। মালা, চুড়ি, কানের দুল, তিকলি, হারসহ গহনার প্রায় সবই মিলছে নিতেশের দোকানে। ধুম বিক্রি সকাল থেকেই। প্রস্তুতি রেখেছেন মধ্য রাত পর্যন্ত। আগে একা থাকলেও রমজানে আরও দুইজন সহায়ক রেখেছন। চৌকির উপর দোকান। উপরে পলিথিনের এক ফালি ছাদ। চারপাশ খোলা। নিজে ক্যাশে বসে বাকি দুই জনকে দু’পাশে রেখেছেন। দোকান ঘিরে ক্রেতাদের জটলা। কেউ গহনা হাতে নিয়ে দেখছেন, কেউ টাকা গুণছেন আবার কেউ দর কষাকষি করছেন। ক্রেতাদের সঙ্গে কথা সংক্ষিপ্ত করেই বেচায় মন দিচ্ছেন নিতেশ।
বলেন, ভাই দম ফেলার সময় নেই। আজ শুক্রবার আর আগামীকাল শনিবার নিয়েই আমাদের হিসেব। পরের শুক্রবার অনেকেই গ্রামে চলে যাবে। আর জমবে না।
‘কেমন হচ্ছে ব্যবসা’ জানতে চাইলে বলেন, কম দর পণ্য এখানে। তবে এখন ভরসা বাড়ছে। এখানে যে মূল্যে বিক্রি করতে পারি, শো রুমের দোকানদার সে মূল্যে বিক্রি করতে পারবে না। তাই বেশির ভাগ মানুষ এখন ফুটপাতমুখি।
কথা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্রী সিনথিয়া অবনীর সঙ্গে। বান্ধবীদের নিয়ে ফুটপাতে কেনাকাটায় মগ্ন সিনথিয়া।
বলেন, সবই যখন ফুটপাতে মেলে তখন বাড়তি টাকা গুণতে ভেতরে যাবো কেন? সাধ্যের মধ্যে দেখে দেখে ফুটপাত থেকেও কিছু ক্রয় করছি।


