মাগুরানিউজ.কমঃ
বৈশাখের শুরুতেই মাগুরার বাজারে চলে এসেছে কাঁচা আম। তবে আগাম ফল হিসেবে দাম চড়া।
১৭ এপ্রিল সরেজমিনে মাগুরা শহরের প্রধান দুই বাজার ঘুরে দেখা গেছে, বাজার ও রাস্তার পাশে ফুটপাতে বসে বিভিন্ন ধরনের ফল বিক্রি করছেন বিক্রেতারা। তার মধ্যে ক্রেতাদের নজর কাড়ছে কাঁচা আম। চড়া দামে বিক্রি হওয়ায় অনেকে এক-দুটি করে কিনছেন। আবার অনেকে দাম শুনে ফিরে যাচ্ছেন।
পুরাতন বাজারের ব্যবসায়ী ফরিদুল আলম জানান, প্রতিবছর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তিনি আগাম ফল কিনে এনে বাজারে বিক্রি করেন। কেনা আমগুলো আকারে বড় হওয়ায় এখন প্রতি কেজি আম ১০০ টাকায় বিক্রি করছেন। মৌসুমের প্রথম ফল বাজারে আসায় ক্রেতাদের প্রচুর চাহিদা রয়েছে।


