মাগুরানিউজ.কমঃ
শীতের সকালগুলো সত্যি বড় বিচিত্র-মন ভোলানো। বাড়ির আঙিনায়, মাচার ওপর, খড়ের চালে শিশির ভেজা শিম, বরবটি, লাউ আর কুমড়ার গাছগুলো কী অপরূপ দেখায় শীতের সকালে। মটরশুঁটি আর সবুজ ঘাসের ডগায় ঝুলে থাকে শিশির বিন্দু। তেতে ওঠা একটুখানি মিষ্টি রোদে তা যেন মুক্তা হয়ে জ্বলে। তারপর ঝরে পড়ে মাটির কোলে।
সবুজ বাংলাকে ভালোবেসে অনেক কষ্টে প্রতি বছর একবার উড়ে আসে এখানে। শীতের কুয়াশা আর শিশির বিন্দুর কথা বলতে গেলেই মনে পড়ে যায় বিশ্ব কবির সেই কটি লাইন—
বহু দিন ধরে বহু ক্রোশ দূরে—
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে—
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু।
তাই বুঝি শীতের সকাল দাগ কেটে যায় প্রতিটি মানুষের বুকের মধ্যে। অপেক্ষায় বছর গড়ায় নানান সাজে সাজা শীতের এমন মধুর সকালের জন্য। আবারও হাজির সে সময়। তাহলে শুভ সকালে হয়ে যাক ইচ্ছাপুরণ।


