মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের বরইচারা কালিতলা এলাকায় বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা ও গুলিবর্ষনের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৫ কর্মী আহত হয়েছে। এ সময় ৪টি মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।
আড়পাড়া ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরোজ আলী অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শেষে রাতে তার কর্মীরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বরইচারা কালিতলা এলাকায় পৌছালে রাত ১১ টার দিকে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইসরাইল মুন্সির সমর্থকরা তাদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে।
একই সাথে হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি চালিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করে। এ সময় তাদের হামলায় আড়পাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতিসহ ৫ কর্মী আহত হয়। ভাংচুর করা হয় তার সমর্থকদের ৪টি মটর সাইকেল।
আহত ৫ জনকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে আরোজ আলী জানান।
শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান হামলায় একজন আহত ও ৪টি মটর সাইকেল ভাংচুরের কথা জানিয়েছেন। এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছেন।
তবে ওসি গুলিবর্ষণের বিষয়টি জানেননা বলে জানিয়েছেন।


