মাগুরানিউজ.কমঃ
মমতাজ বেগম নামে এক নারী কর্মকর্তাকে বুট জুতা পায়ে লাথি মেরে আহত করেছেন উর্ধ্বতন পুরুষ কর্মকর্তা । আহত অবস্থায় শনিবার দিবগাত রাত সাড়ে ৯টার দিকে ওই নারী কর্মকর্তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আহত শালিখা উপজেলা আনসার কমান্ডার মমতাজ বেগম অভিযোগ করেন, আগামী ৭মে উপজেলার সাতটি ইউনিয়নের ৬৮টি কেন্দ্রের জন্য আনসার নিয়োগের যাচাই ছিল শনিবার। সকাল থেকে রাত পর্যন্ত জেলা আনসার কমান্ডারের উপস্থিতিতে যাচাই-বাছাই চলে।
প্রতিটি কেন্দ্রের জন্য ৪ জন অস্ত্রধারী এবং ১৩ জন সাধারণ সদস্য সর্বমোট ১৭ জন করে আনসারের নিয়োগ চূড়ান্ত করার কথা। কিন্তু রাত ৮টার দিকে জেলা আনসার কমান্ডার আহসান উল্লাহ নিয়োগ চূড়ান্ত না করেই ফিরে যাওয়ার উদ্যোগ নেন।
সেসময় তার কাছে নিয়োগ চূড়ান্তকরণের অবস্থা জানতে চাইলে তিনি অস্ত্রধারী বাদে বাকি ৮৮৪ জন সাধারণ আনসার সদস্য নিয়োগের জন্য মাথাপিছু ২০০ টাকা হারে আদায় করে দিতে বলেন।
মমতাজ বেগম এটি আদায় করা সম্ভব নয় বলে উর্ধতন কর্মকর্তা কমান্ডার আহসান উল্লাহকে জানালে তিনি তাকে মেরুদণ্ডহীন অফিসার বলে গালি দেন। এ সময় প্রতিবাদ জানালে তিনি আরো অশালীন ভাষায় গালাগালি করতে থাকেন এবং এক পর্যায়ে বুট দিয়ে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেন। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে জেলা আনসার কমান্ডার আহসান উল্লাহ বলেন, শালিখা উপজেলা আনসার কমান্ডার আগে থেকে কয়েকজনকে নির্বাচিত করে রেখেছিলেন। যাচাই-বাছাই শেষে তাদেরকে নিয়োগ না দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ এনেছেন।
এ ঘটনায় ওই উপজেলার আনসার সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।


