মাগুরানিউজ.কমঃ
রাজীব মিত্র জয়-
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মাগুরা শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছায় ভাষা সৈনিকদের স্মরণ করেছেন।
সবার মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ দেশাত্মবোধক গানে, পায়ে হেঁটে নানা বয়সী মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের।
ভাষার জন্য বাঙালির এই আত্মদানের দিনটিকে ১৯৯৯ সালে ইউনেসকো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির এই আত্মত্যাগের দিনটি তাই এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, পালন করা হচ্ছে সারা বিশ্বে।
শহীদের স্মরণে সারা রাতে ফুলে ফুলে ঢাকা পড়বে শহীদ মিনার। সারা রাত থাকবে মানুষের এই ঢল।
শহীদ মিনারের আশপাশের এলাকায় মাইকে বাজানো হচ্ছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’, ‘সালাম সালাম হাজার সালাম’ ইত্যাদি গান।


