মাগুরানিউজ.কমঃ
ক্লাসে গণিত ভুল করায় অষ্টম শ্রেণির তিন ছাত্রীকে পিটিয়ে জখম করেছেন দুদ মল্লিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমনটা অভিযোগ করেছেন হাসপাতালে উপস্থিত ঐ শিক্ষার্থীদের স্বজনরা।
তাদের অভিযোগে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অষ্টম শ্রেণির কোচিং ক্লাস চলছিল। কোচিংয়ে অংশ নেওয়া ছাত্রীদের গণিতের ক্লাস নিচ্ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম নিলু। বিগত দিনে কোচিং ক্লাসে অনুপস্থিত থাকার কারণে তমা, নিশাত এবং ফারজানা নামে তিন শিক্ষার্থী অংকে ভুল করে। এই অপরাধে প্রধান শিক্ষক তাদের পিটিয়ে আহত করেন। আর একারনে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা বিভ্রান্তিরও অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে প্রধান শিক্ষক আমিরুল ইসলাম নিলুকে স্কুলে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জেলা শিক্ষা অফিসার এ এস এম আবদুর জব্বার এবিষয়ে বলেন, বিষয়টি শুনেছি, তবে সুনির্দিষ্টিভাবে কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।


