মাগুরানিউজ.কমঃ
আজকের দিনশেষে আগামীকাল উদিত হবে লাল-সবুজ সূর্য। আগামীকাল মহান বিজয় দিবস।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ।
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে লাল-সবুজের পতাকা নিয়ে শহরের অলি-গলি ঘুরে বেড়ান একদল মানুষ। যাদের আমরা বলি ‘পতাকার ফেরিওয়ালা’।
তেমনই কয়েকজন পতাকার ফেরিওয়ালার এখন দেখা মিলছে মাগুরাতে। সবার কাঁধে পতাকাশোভিত বাঁশ। বাতাসে উড়ছে মুক্তির নিশান। ব্যাগে মাথার ব্যান্ডানা, হাতের ব্রেসলেট বা রিস্টব্যান্ড এবং কাগজের পতাকা ইত্যাদি।
কথা হয় সদরের নুরুল হকের সঙ্গে। মাগুরা সরকারী কলেজের সামনে পতাকা বিক্রি করছেন তিনি। কথাপ্রসঙ্গে তিনি মাগুরা নিউজকে জানান, দেশের পতাকা বিক্রি করে তিনি গর্বিত। ভালোবাসার টানেই ডিসেম্বর এলে পতাকা বিক্রি করেন। লাভ-লোকসানের হিসেব করেন না। বিক্রি না হলে রেখে দেন। কারণ এগুলো নষ্ট হয় না।
তিনি জানান, মাত্র ১০ দিন পতাকা বিক্রি করেন তিনি। বাকি সময় অন্য কাজ করেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তারা এ কাজ করছেন।


