মাগুরানিউজ.কম:
অবশেষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই শিশুটির মুখ দেখেছেন মা নাজমা খাতুন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে সোমবার বেলা ১১টায় মা যখন সন্তানের মুখোমুখি হন তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন নাজমা খাতুন।
এর আগে দু’জনের শারীরিক অবস্থার অবনতির কারণে পাশাপাশি কক্ষে থাকার পরও প্রিয় সন্তানের মুখটুকু দেখার সুযোগ পাননি তিনি।
মা নাজমা বলেন, ‘এতদিন আমি শুনেছিলাম আমার কলিজার টুকরা ভালো আছে। আজ নিজ চোখে দেখে অনেক ভালো লাগছে।
নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. আবিদ হোসেন মোল্লা জানান, শিশুটি ১২ দিন ধরে এখানে ভর্তি। যখন শিশুটি আসে তখন তার বিভিন্ন সমস্যা ছিল। তার জণ্ডিস ছিল। হিমোগ্লোবিনও কম ছিল। এ ছাড়া তার শরীর বুলেটবিদ্ধ ছিল। আমরা মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা দিয়ে আসছি। বাচ্চা আগের চেয়ে ভালো তবে শঙ্কামুক্ত নয়।
বুলেটবিদ্ধ মা নাজমা এবং তার নবজাতক শিশুর চিকিত্সা ও স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি গুলিবর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় তথ্যমন্ত্রী চিকিৎসকও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের উপর আবারও জনগণের আস্থার নজীর স্থাপন হয়েছে।


