আজ শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- সরকারি অর্থে খনন করা খাল দখল করে কৃষিজমি, ব্যবস্থা গ্রহণের আশ্বাস ইউএনও'র
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কাদিরপাড়া-ঘাসিয়ারা মাঠের সদ্য খননকৃত সরকারি খালের দুই পাড় কেটে ও ভরাট করে কৃষিজমি তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। লাখ লাখ টাকা ব্যয়ে খনন করা খালটি দখল হয়ে যাওয়ায় সংকীর্ণ হয়ে পড়েছে এর প্রশস্ততা। ফলে পুরো এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। তবে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সম্প্রতি সরকারি অর্থায়নে কাদিরপাড়া-ঘাসিয়ারা মাঠের এই গুরুত্বপূর্ণ খালটি পুনঃখনন করা হয়। কিন্তু খননকাজ শেষ হতে না হতেই ঘাসিয়াড়া গ্রামের সাহেব আলী, খবে, আইয়ুব, তৈয়েব ও কাবিল খালের দুই পাড়ের মাটি কেটে খালের ভেতরের অংশ ভরাট করে ফেলেন। পরে সেখানে পাড় বেঁধে নিজেদের কৃষিজমির সীমানা বাড়িয়ে নেন তারা। স্থানীয়দের আশঙ্কা, তাদের দেখাদেখি মাঠের অন্য কৃষকেরাও যদি একইভাবে খাল ভরাট শুরু করেন, তবে সরকারি এই খালটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
সরেজমিনে ও ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, খালের পাড় কেটে ভেতরে মাটি ফেলায় স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে আসন্ন মৌসুমে ফসলের মাঠে সেচ দেওয়া এবং বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ কৃষকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার আমাদের সুবিধার্থে লাখ লাখ টাকা খরচ করে খালটি খনন করে দিয়েছে। অথচ গুটিকয়েক মানুষ নিজেদের স্বার্থে খালটি দখল করে নিচ্ছে। মাটি কাটার সময় আমরা বাধা দিলেও তারা কোনো কর্ণপাত করেননি, বরং দাপট দেখিয়ে কাজ চালিয়ে গেছেন।” সরকারি সম্পত্তি রক্ষা এবং কৃষি ব্যবস্থা সচল রাখতে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করে বলেন, “খালের পাড় কেটে জমি তৈরি করা আমাদের চরম অন্যায় হয়েছে। তবে জমিতে ফসল থাকায় এই মুহূর্তে মাটি সরানো সম্ভব হচ্ছে না। আগামী চৈত্র মাসে আমরা নিজ দায়িত্বে খালের ভেতরের মাটি অপসারণ করে আগের মতো পাড় বেঁধে দেব।”
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। সরকারি খাল দখল করার কোনো সুযোগ নেই। সরেজমিনে তদন্ত সাপেক্ষে দ্রুতই এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”


