মাগুরানিউজ.কমঃ
সন্তান লাভের আশায় বটগাছের সঙ্গে পাকুড় গাছের বিয়ে দিয়েছেন এক নিঃসন্তান দম্পতি।মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের বুদ্ধিশ্বর বিশ্বাস দম্পতি এ বিয়ের আয়োজন করেন। হিন্দু ধর্মীয় রীতিতে শনিবার গভীররাতে সব্দালপুরের জারিয়া গ্রামের দেলখোলা মন্দিরে এ বিয়ে সম্পন্ন হয়। ব্যতিক্রমী এ বিয়ের আয়োজনে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দেলখোলা মন্দিরের পুরোহিত মনোজিত চক্রবর্তী বলেন, ‘নিঃসন্তান বুদ্ধিশ্বর বিশ্বাস স্বপ্নে আদিষ্ট হয়ে আমাকে এ বিয়ে পড়ানোর অনুরোধ করেন।’ তার কথামতো হিন্দু ধর্মীয় রীতিতে বট গাছকে বর ও পাকুড় গাছকে কনে হিসেবে নির্ধারণ করে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় বলেও জানান, পুরোহিত।
গ্রামের বেশিরভাগ মানুষ এ বিয়েতে উপস্থিত থেকে সামাজিকভাবে সহায়তা করেন। স্থানীয় সব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান সমিরুল ইসলাম সমিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় উপস্থিত ছিলেন।
বিয়ের স্বপ্নদ্রষ্টা বুদ্ধিশ্বর বিশ্বাস জানান, ৩০ বছর আগে তিনি বিয়ে করলেও দীর্ঘদিন তাদের কোন সন্তান হয়নি। এ জন্য ডাক্তার কবিরাজ দেখিয়েও কোন ফল হয়নি। তাই, শেষ চেষ্টা হিসেবে এই স্বপ্নের আদেশ পালন করে দেখতে চান তিনি।


