মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার আকসি-নরসিংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার কাজে বাধা দেয়ায় আজিজ (৪৫) নামের স্থানীয় একজনকে কুপিয়ে আহত করেছে স্কুলটির সভাপতির লোকজন।
স্কুলের দাতা কমিটির সদস্য শাহ-আলম জানান, রোববার দুপুরে সভাপতি চুরি করে স্কুলের গাছ কেটে নেয়ার বিষয়টি নিয়ে কমিটির অন্য সকল সদস্যরা তার প্রতি অনাস্থা জানিয়ে একটি মিটিং করেন। মিটিং থেকে সভাপতি বের হয়ে যাওয়ার পরপরই রকিবুল ও মেহেদিসহ কয়েকজন সন্ত্রাসী আজিজকে কুপিয়ে আহত করে চলে যায়। আহত অবস্থায় আজিজকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ছুটির দিনে অতিরিক্ত মজুরির লোভ দেখিয়ে ছয়চার গ্রামের শ্রমিক সুমন ও আলিমকে দিয়ে সভাপতি এ গাছ কেটে নেয়ার চেষ্টা করছিলো বলে জানা গেছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান পিন্টুর মোবাইল নাম্বারে বারবার যোগযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্কুলের প্রধান শিক্ষিকা কল্পনা রানী সরকার জানান, প্রতিষ্ঠানের গাছ কাটার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, স্কুলের গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।


