মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে গত এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের দুই ইউপি নেতার দ্বিতীয় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
শনিবার রাতে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি সামলাতে সংঘর্ষকারীদের ওপর ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।
এলাকাবাসীরা জানান, বুনাগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বখতিয়ারের সমর্থকদের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মুস্তাহার মোল্লার ছেলে যুব নেতা রমিজের সমর্থদের বিরোধ চলে আসছে। এ বিরোধের সূত্র ধরে বাস স্ট্যান্ডের কাউন্টার দখল নিয়ে গত ১৬ মে রাতে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ও ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে। যা নিয়ে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল।
এক পর্যায়ে শনিবার রাতে বুনাগাতী বাজারে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় অাবারও ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পতিপক্ষের ওপর হামলা চালায়। সংঘর্ষের খবর পেয়ে শালিখা থানা পুলিশ ও পরে মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর জখম ১২ জনকে শালিখা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পায়ের রগ কাটা অবস্থায় জামান নামে এক জনকে মুমূর্ষ অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


