মাগুরানিউজ.কমঃ

স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর হাসপাতলের ২৫০ শয্যার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন- দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ দিয়েছে। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করা হবে। তবে, সরকারি হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
সিভিল সার্জন ডা. সুনীল চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, বাংরাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এমএস আকবর এমপি, কামরুল লাইলা জলি এমপি, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রমুখ।
এর আগে তিনি দুপুর ১২টায় মাগুরা পৌর গোরস্থানে মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মরহুম আছাদুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাত করেন।
তিনি মাগুরা শিশু হাসপাতালের উন্নয়নের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। এছাড়া ব্যবসায়ীদের দাবির মুখে মাগুরা সদর হাসপাতালের ভেতর থাকা মামুন ড্রাগ নামের একমাত্র ওষুধের দোকানের ইজারা বাতিলের আশ্বাস দেন।
একইসঙ্গে তিনি হাসপাতালের ভেতরে বাইরে কোন ধরনের অবৈধ স্থাপনা না রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। পাশাপাশি মাগুরায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহনসহ সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি স্বাস্থ্য বিভাগে কর্মরতদের সেবার মান আরো বাড়ানোর নির্দেশ দেন।
পরে মন্ত্রী নাসিম বিকেল ৪টায় শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করেন।

