মাগুরানিউজ.কমঃ
চিকিৎসা সংক্রান্ত সেবা নিতে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটি। এ ছাড়া ভারত ভ্রমণে আগ্রহী প্রার্থীদের জন্য রাজধানীর ধানমন্ডিতে আরও একটি ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভারত।
এই সেবা নতুন বছরের শুরু থেকে কার্যকর হবে। পাশাপাশি ভিসার জন্য নির্ধারিত ফিসেও পরিবর্তন এনেছে দূতাবাস। ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
ভারতীয় দূতাবাস বলছে, চিকিৎসা সেবা নিতে আগে অন্য ক্যাটাগরির ভিসার প্রক্রিয়ার মতো আবেদন করতে হতো। এখন থেকে চিকিৎসা সেবা প্রার্থীদের আগে থেকে অ্যাপয়েনমেন্ট না করলেও হবে। সরাসরি ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করলেই এই সেবা পাওয়া যাবে। তবে এই সেবা শুধুমাত্র দূতাবাসের গুলশান শাখার ভিসা আবেদন কেন্দ্র থেকেই পাওয়া যাবে।
সামনের বছরের শুরু থেকে ভারতীয় ভিসার জন্য নতুন ফিস কার্যকর হচ্ছে। ঢাকার ভিসা আবেদন কেন্দ্রে আবেদন করলে ৬০০ টাকা, চট্টগ্রামে ৬০০ টাকা, রাজশাহীতে ৬০০ টাকা, সিলেটে ৭০০ টাকা এবং খুলনার আবেদন কেন্দ্র থেকে ভিসার জন্য আবেদন করলে ফিস হিসেবে ৭০০ টাকা দিতে হবে।
সামনের বছরের শুরু থেকে ভারতীয় ভিসার জন্য আবেদনকারীকে অনলাইন ফরম এর নির্ধারিত স্থানে ফটো স্ক্যান করে আপলোড করতে হবে।


