মাগুরানিউজ.কমঃ
পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে এমভি মোস্তফা নামের একটি লঞ্চ। সারবাহী একটি কার্গোর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।
রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাটুরিয়া ঘাট শাখার বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৌলতদিয়া শাখার বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা এমভি মোস্তফা নামের একটি যাত্রীবাহী লঞ্চকে দুপুর ১২টার দিকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি সারবাহী কার্গো। এতে লঞ্চটি ডুবে যায়।
তবে লঞ্চে কত জন যাত্রী ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে দুই শতাধিক যাত্রী ছিল।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ আশপাশের লঞ্চ নিয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারের জোর চেষ্টা চালায়। তারা ৭০-৮০ জন যাত্রীকে উদ্ধারে সমর্থ হয়।
পরবর্তীতে ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধাদের চেষ্টা চালাচ্ছে।
দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।


