মাগুরানিউজ.কমঃ
জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর মোল্যাপাড়া গ্রামে স্থানীয় দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার দুপুরের এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৬ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিনোদপুরের মোল্যা পাড়ার মোসলেম মোল্যা ও রব্বানি মোল্যার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে জমির দখল নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনার জের ধরে বিনোদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান শিকদার ও প্রাক্তন ইউপি সদস্য জিল্লুর রহমান মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ।
মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক বা কোনো মামলা হয়নি।


