মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র তিনি। গড়েছেন বেশকিছু রেকর্ড। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার বিচারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। ভক্তসংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের মধ্যে সপ্তম স্থানে উঠে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ফেসবুকে জনপ্রিয় ক্রিকেটারদের তালিকায় সাকিবের আগে আছেন পাঁচ ভারতীয় ক্রিকেটার। এরা হচ্ছেন- শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং এবং রোহিত শর্মা। ভারত জনবহুল দেশ বলেই হয়তো এটা সম্ভব হয়েছে।
এদিকে ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলায় ভক্তসংখ্যার দিক দিয়ে ক্রীড়াবিদের তালিকায় ১০০ জনের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান। এখানে বাংলাদেশের সেরা এই ক্রিকেটারের অবস্থান ৯৫তম। তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফেসবুকে তার অনুসারী ১০ কোটি ২০ লাখ। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির অনুসারীর সংখ্যা ৭ কোটি ৬০ লাখ। ৫ কোটি ১০ লাখ অনুসারী নিয়ে তালিকার তৃতীয় স্থান দখলে নিয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার।
উল্লেখ্য, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে অসংখ্য ভক্ত রয়েছেন সাকিবের। সাকিবের অনুসারীদের মধ্যে ৭৩ শতাংশ বাংলাদেশি। বিশ্বের অন্যান্য দেশে তার ২৭ শতাংশ অনুসারী রয়েছেন।


