মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর নায়েক সুবেদার বকুলুর রহমান (৪২) গত বুধবার থেকে নিখোঁজ রয়েছেন। ওই দিন তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিকের সনদ তুলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।
পুলিশ জানায়, আমলসার গ্রামের মতিয়ার রহমানের ছেলে বকুলুর রহমান ঢাকা সেনা সদর দপ্তরে হিসাব শাখায় কাজ করেন। তাঁর স্ত্রী রিজিয়া খাতুন ও দুই মেয়ে শ্রীপুরের কমলাপুর গ্রামের বাড়িতে থাকেন। বকুলুর রহমান গত সোমবার রাতে ছুটিতে বাড়ি আসেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি যশোর বোর্ড থেকে উচ্চমাধ্যমিকের সনদ তোলার কথা বলে বাড়ি থেকে বের হন।
রিজিয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর (স্বামীর) সঙ্গে আমার শেষ কথা হয়। তিনি বলে গিয়েছিলেন, যদি বুধবার সার্টিফিকেট না তুলতে পারেন, তাহলে রাতে যশোরে থাকবেন। পরদিন সার্টিফিকেট তুলে বাড়ি ফিরবেন। কিন্তু পরের দিনও ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ি। বুধবার ও বৃহস্পতিবার তাঁর মোবাইলে একাধিকবার ফোন করেও বন্ধ পেয়েছি। শনিবার (১ নভেম্বর) তাঁর ঢাকায় চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। তিনি সেখানেও যাননি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, নায়েক সুবেদার বকুলুর রহমানের স্ত্রী বৃহস্পতিবার রাতে তাঁর স্বামী নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (ডিজি) করেছেন। এখনো তাঁর কোনো খোঁজ মেলেনি।


