মাগুরানিউজ.কমঃ
সম্প্রতি তিন সিটি নির্বাচনের ১৩টি কেন্দ্রে ৯১ থেকে ৯৮ শতাংশ ভোট পড়াকে অস্বাভাবিক বলে মত দিয়েছেন একাধিক নির্বাচন কমিশনার। ভোটের ফল গেজেটে প্রকাশ হওয়ায় তা আর তদন্ত করাও হয়নি। এ ধরনের অস্বাভাবিকতা থাকলে সংশ্লিষ্ট কেন্দ্রে কারচুপির আঁচ করাই স্বাভাবিক বলে জানান সংশ্লিষ্টরা।
সিটি নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাগুরা উপনির্বাচনে নতুন কৌশল নিতে যাচ্ছে কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক মাগুরা নিউজ’কে বলেন, “প্রতি দুই ঘণ্টায় উপ নির্বাচনের ফলাফল সংগ্রহ করতে প্রস্তাব ইসি সচিবালয়কে নির্দেশ দিয়েছি। এ লক্ষ্যে স্বাভাবিক ভোট পড়ার হার জানতে একটা মহড়াও করা হবে।”
আইনশৃঙ্খলা বৈঠকের সভায় এ ধরনের মহড়ার উদ্যোগ নিতে নির্দেশনা দেন এ নির্বাচন কমিশনার।
সিইসির কাছে এ সংক্রান্ত একটি ‘আনঅফিশিয়াল নোট’ দেন এক নির্বাচন কমিশনার।
এতে তিনি লেখেন, কারচুপি রোধে অন্যতম উপায় হচ্ছে ঘণ্টাওয়ারি প্রতিটি বুথে কত ভোট পড়েছে তা নির্ধারণ করা। ভোটের দিনের বাস্তবচিত্র পেতে কমিশন সচিবালয়ে একটি সেল করতে হবে। এ সেলের অন্তত পাঁচ কর্মকর্তা প্রতিটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও দায়িত্বশীর পুলিশ কর্মকর্তার সঙ্গে ভোটের হার জেনে তা ইসিকে অবহিত করবেন।


