শৃঙ্খলা ভঙ্গের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার অল রাউন্ডার সাকিব আল হাসান। বোর্ড সভাপতির নির্দেশে সোমবার দুপুর দুইটায় সাকিবের ঘটনাকে কেন্দ্র করে বিসিবি’র সভাকক্ষে বোর্ড মিটিং হয়। মিটিংয়ে বোর্ডের সকলের আলোচনায় এ সিদ্ধান্ত হয়।
সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ চলার সময় তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা সাকিব এবার ছয় মাসের জন্য নিষিদ্ধ হলেন। ঘরোয়া এবং আন্তর্জাতিক দুই ধরনের ক্রিকেটই এই সময় খেলতে পারবেন না।
শাস্তির মেয়াদ এখানেই শেষ হয়ে যায়নি। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাইরের কোনো লিগে খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) পাবেন না। আগামী আইপিএলেও তাই খেলা হবে না তার। সাকিবকে ছাড়াই আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবই মাশরাফির বদলে নেতৃত্ব দিয়েছিলেন দলের। এ ছাড়া নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও খেলা হবে না তার। তবে ফেব্রুয়ারিতে শুরু ২০১৫ বিশ্বকাপের আগে দলে ফিরবেন এই অলরাউন্ডার।
আজ বিসিবির সভা শেষে নাজমুল হাসান এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। সর্বশেষ অনাপত্তি পত্র না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যাবিরীয় প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া, রাগের মাথায় কোচকে টেস্ট ও ওয়ানডে দল থেকে অবসর নিয়ে ফেলার মন্তব্য করার পর এই শাস্তি দিল বিসিবি। তবে বিসিবি সভাপতি বলেছেন, শুধু এই কারণে সাকিবের ওপর এই শাস্তি নয়। দীর্ঘ দিন ধরে সাকিবকে নিয়ে জমে থাকা অভিযোগের ভিত্তিতেই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।


