মাগুরানিউজ.কমঃ
মানুষের কল্পনার জগৎটা নাকি বিশাল। বাংলাদেশের মানুষের সে বিশাল জগতের কোনো অংশেও কি ছিল টাইগারদের এমন ব্যাটিং! প্রথম ইনিংসে যেখানে বাংলাদেশ অলআউট ৩৩২ রানে। সেখানে চতুর্থ ও পঞ্চম দিনে চিড় ধরা পিচে ব্যাট করে কত রানই বা করতে পারবেন তামিম-ইমরুলরা!
যেখানে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৬২৮ রান। ২৯৬ রানের বোঝা কাঁধে নিয়ে কতদূরই বা যেতে পারবে বাংলাদেশ? এই টেস্ট যে বাংলাদেশ ড্র করতে পারবে সেটা চিন্তা করতেও অনেক সাহসিকতার পরিচয় দিতে হত। কিন্তু চতুর্থ দিনের প্রথম সেশনেই পাকিস্তান অলআউট হয়ে যাওয়ার পর ইমরুল কায়েস ও তামিম ইকবাল মিলে যা করেছেন, তা স্বপ্নলোকের কল্পনাকেও হার মানায়।
চতুর্থ দিনের শেষ দুই সেশনে ২৭৩ রান সংগ্রহ করে কেবল তারা প্রথম উইকেট জুটির রেকর্ডই ভাঙেননি। ভেঙেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেট জুটির রেকর্ডও। আগে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২২৪ রান। আর যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি ছিল ২৬৭ রান। তামিম ১৩৮ ও ইমরুল ১৩১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেন।
পঞ্চম দিনে ব্যাট করতে নামেন তারা। দলীয় ৩১২ রানে ব্যক্তিগত ১৫০ করে আউট হয়ে যান ইমরুল কায়েস। ততক্ষণে অনেকগুলো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়ে গেছে। তৃতীয় ইনিংসে প্রথম উইকেট জুটিতে গড়েন বিশ্বরেকর্ড। বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও গড়েন রেকর্ড। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৩৩২/১০ (মুমিনুল ৮০ ও ইমরুল ৫৬) ও ৫৫৫/৬ (তামিম ২০৬ ও ইমরুল ১৫০)।
পাকিস্তান : ৬২৮/১০ (হাফিজ ২২৪ ও শফিক ৮৩; তাইজুল ৬/১৬৩)


