মাগুরানিউজ.কম:
আশরাফ হোসেন পল্টু-
মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুদ্দিন ফকির ওরফে শ্যাম ফকিরের উপর নগ্ন হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগ।
বেলা ১২টার দিকে স্থানীয় খামারপাড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর ঘুরে বটতলায় এসে মানববন্ধন করে। এ সময় শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্যার সভাপতিত্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা শিকদার কামাল হোসেন, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা, যুবলীগ নেতা আশা খন্দকার, সিরাজুল ইসলাম টোকন, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোহসিন মোল্যা প্রমুখ।
বক্তারা শ্যাম ফকিরের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি খামারপাড়া সরকারি পুকুরের পাশ থেকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে শ্যাম ফকিরকে কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুও সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শ্রীপুর থানা সেকেন্ড অফিসার এসআই আঃ হামিদ জানান, শ্যাম ফকিরের উপর হামলার ঘটনায় তার ভাই ৩৬ জনকে আসামী করে থানায় মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

